বগুড়া থেকে ফেরার পথে ঘন কুয়াশায় যমুনার মাঝ নদীতে বিয়ের নৌকা আটকা, আতঙ্কে ৪০ যাত্রী
বগুড়া প্রতিনিধিহ
বগুড়া থেকে জামালপুরের মাদারগঞ্জে ফেরার পথে যমুনা নদীর মাঝখানে ঘন কুয়াশার কারণে একটি বিয়ের নৌকা পথ হারিয়ে আটকা পড়েছে। নৌকাটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন বরযাত্রী ছিলেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নৌকায় থাকা যাত্রী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের রাশেদুল ইসলাম বাবু জানান, দীর্ঘ সময় ধরে মাঝ নদীতে নৌকা আটকে থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তীব্র শীতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
মোবাইল ফোনে তিনি বলেন, ঘন কুয়াশার কারণে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। নিরাপত্তাহীনতায় সবাই ভয়ে আছি। এখনো কেউ উদ্ধার করতে আসেনি।
বরযাত্রীর বরাতে জানা যায়, শুক্রবার তারা বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বিয়ে শেষে সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে নৌকাযোগে মাদারগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর কুয়াশা আরও ঘন হয়ে উঠলে নৌকার মাঝি দিক নির্ণয়ে ব্যর্থ হন।
মাঝি যাত্রীদের জানান, নৌকাটি সম্ভবত সারিয়াকান্দি ও মাদারগঞ্জের জামথল ঘাটের মাঝামাঝি কোনো স্থানে অবস্থান করছে। কুয়াশার কারণে নদীর কোনো তীরই স্পষ্ট দেখা না যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে মাঝ নদীতেই নৌকাটি নোঙর করে রাখা হয়েছে।
নৌকায় থাকা আক্তার মিয়া নামের এক যাত্রী জানান, সন্ধ্যা ৭টার দিকে নৌকাটি ঘাট ছাড়ে। মাঝপথে এসে মাঝি পথ ভুলে ফেলেন। “নৌকায় নারী ও শিশুরা রয়েছে। প্রচণ্ড শীতে সবাই অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বলেন তিনি।
এ বিষয়ে বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
No comments