এবার হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নাম দিতে চান ডোনাল্ড ট্রাম্প!
ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রস্তাব দেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালি করা উচিত?’ একই পোস্টে তিনি রসিকতা করে বলেন, আমেরিকার মতো এটিও ‘আগের চেয়ে আরও হট’ হবে।
তবে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, ট্রাম্পের এই দাবিটি ইরান মেনে নেয়নি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান সংঘাতের কারণে এটি এখন যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্টে পরিণত হয়েছে।
হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এ বক্তব্য অবশ্য একেবারে নতুন নয়। এর আগে জুলাইয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, প্রণালীটি খোলা থাকবে এবং যুক্তরাষ্ট্র এটিকে নিরাপদ রাখার দায়িত্ব পালন করবে। একই সময় তিনি যুক্তরাষ্ট্রকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে উল্লেখ করে এ নিরাপত্তা ব্যবস্থার ব্যয় মেটাতে পণ্য পরিবহনের ওপর ২০ শতাংশ হারে অর্থ পাওয়ার কথাও বলেছিলেন।
ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের ধারাবাহিকতায় এসেছে ‘ট্রাম্প প্রণালি’র প্রস্তাব। গত ২৭ আগস্ট তিনি কানাডার সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যে অন্টারিও হ্রদের নাম যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। পরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ও অ্যাপল ম্যাপেও নতুন নামটি দেখা যায়। তবে কানাডায় হ্রদটি এখনো ‘লেক অন্টারিও’ নামেই পরিচিত।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। সেই নাম পরিবর্তনও আন্তর্জাতিকভাবে সর্বসম্মত স্বীকৃতি পায়নি। হরমুজ প্রণালীর নাম পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়িত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নতুন করে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

No comments