আসিফ মাহমুদকে নিয়ে দুদকের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়ালের’ অভিযোগ স্নিগ্ধের
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ন্যূনতম মানদণ্ডও অনুসরণ করেনি। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার বিরুদ্ধে এক ধরনের ‘মিডিয়া ট্রায়ালের’ সুযোগ করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন স্নিগ্ধ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।
পোস্টে স্নিগ্ধ লেখেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুদক ন্যূনতম মানদণ্ডও অনুসরণ করেনি। দেশের একটি এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কীভাবে এতটা মানহীনভাবে কাজ করতে পারে, তা সত্যিই আমার মাথায় ঢুকছে না।’
তিনি বলেন, ‘আসিফ যদি সত্যিই কোনো দুর্নীতি করে থাকেন, তাহলে অবশ্যই তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, এটাই আমরা সবাই চাই। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই দুদক যেভাবে আসিফের বিরুদ্ধে এক ধরনের মিডিয়া ট্রায়ালের সুযোগ তৈরি করে দিয়েছে, তা দুদকের দায়িত্বশীলতা ও সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।’
অভিযোগ ও অভিযোগ প্রমাণিত হওয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে উল্লেখ করে স্নিগ্ধ বলেন, ‘একজন ব্যক্তি অভিযুক্ত হলেই তিনি দোষী হয়ে যান না; দোষ প্রমাণের জন্য যথাযথ তদন্ত, প্রমাণ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।’
দুদকের ‘দুর্বলতা ও দায়িত্বহীনতার’ সুযোগ জুলাইয়ের বিপক্ষে থাকা শক্তিগুলো নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘দোষী সাব্যস্ত হওয়ার আগেই কাউকে দোষী বানিয়ে ফেলার এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
ন্যায়বিচারের স্বার্থে অভিযোগের যথাযথ তদন্ত, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত এবং সবার ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগের আহ্বান জানান স্নিগ্ধ।

No comments