শিরোনাম

চা দোকানে কথা কাটাকাটি, অতঃপর বৃদ্ধকে কুপিয়ে হত্যা!

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চা-দোকানে কথাকাটাকাটির জেরে মোহাম্মদ আবদুল মান্নান নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হক ঘটনার পর থেকে পলাতক। 

মঙ্গলবার রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আস্তানা শরীফ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, পারিবারিক একটি বিয়েকে কেন্দ্র করে আগে থেকেই মোজাম্মেলের সাথে মান্নানের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায়, রাতে অভিযুক্ত মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে মোজাম্মেল কুপিয়েছে বলে জানান।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন জানান, নিহতের স্বজনরা মোজাম্মেল হককে হত্যার জন্য দায়ী করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

No comments