কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (সোমবার) ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন তিনি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
তিনি বলেন, জাতিসংঘের বৈশ্বিক মঞ্চে এটাই বর্তমান সরকারের প্রথম অংশগ্রহণ। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আয়োজিত দুটি অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন। ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন থাকবেন। তাঁদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে থাকবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আইনের শাসন, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়গুলোর সঙ্গে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের বিষয়ও আলোচনায় আসবে।
এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির সুবিধা সবার জন্য ন্যায়সংগতভাবে নিশ্চিত করা এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে।
রোহিঙ্গা সংকটের সমাধানও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে বিভিন্ন সময়ে নতুন বৈঠক যুক্ত হতে পারে, আবার কিছু কর্মসূচিতে পরিবর্তনও আসতে পারে।
পররাষ্ট্রসচিব বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, একদিকে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

No comments