শিরোনাম

প্রশাসনের একটি অংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন

চ্যানেল টেন ডেস্কঃ

মাগুরার প্রশাসনের একটি অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কাজকর্মে দেখতে পাচ্ছি, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির নেতারা এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।

প্রশাসনের উদ্দেশে নয়ন বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। যারা বিএনপির সরকার ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করতে চান, তাদের মাগুরা ও মাগুরা-২ আসনের মাটিতে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। নির্বাচনের আগেও জনগণের সঙ্গে ছিলাম। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নয়ন বলেন, আর কয়েক মাস পর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনারাই পছন্দ করে ভালো প্রার্থী বাছাই করবেন। তাকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

কর্মী সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্যসচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো ও মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

No comments