বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ ছাত্রদলকর্মীর বিরুদ্ধে
বিয়ে শেষ করে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন বর ও বরযাত্রীরা। পথেই হঠাৎ বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ করে একদল যুবক। এরপর গাড়িতে ভাঙচুর চালিয়ে নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যাওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ এশীয় কালচারাল নেটওয়ার্কে যুক্ত হওয়া
অভিযুক্ত যুবকের নাম আতিকুর রহমান মিয়া। তিনি জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে ও ছাত্রদলের কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার এক তরুণীর বিয়ে হয় নান্দাইল উপজেলার এক যুবকের সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন বর ও বরযাত্রীরা। তবে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন।
স্থানীয়রা জানায়, আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন যুবক গাড়িটি থামান। পরে মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অভিযুক্ত যুবককেও পাওয়া যায়নি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ‘ঘটনাটি আমি জানতে পেরেছি। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, ওই মেয়ের সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক মেনে নেয়া হয়নি। এ কারণেই ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মেয়ের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

No comments