শিরোনাম

নিখোঁজের ৫ দিন পর আখ ক্ষেতে মিলল অটোচালকের গলিত মরদেহ

চ্যানেল টেন ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মো. রুমন আলী নামে এক অটোচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা-পুঁঠিমারি বিল এলাকার একটি আখ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুমন আলী শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের একরামুল হকের ছেলে‌। পেশায় অটোরিকশা চালক ছিলেন তিনি।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২১ আগস্ট সকালে শিবগঞ্জের পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন রুমন। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেন রুমনের স্ত্রী নাজমা সুলতানা।

বুধবার রাতে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন কৃষক আখক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের পোশাক, বেল্ট ও স্যান্ডেল দেখে সেটি রুমনের বলে শনাক্ত করেন তার স্ত্রী নাজমা সুলতানা।

এ ঘটনায় অটোরিকশাসহ মো. ওয়াসিম, রফিকুল ইসলাম ও ওমর ফারুক নামে তিনজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পিঠালিতলা-পুঁঠিমারি বিল এলাকার একটি আখক্ষেত থেকে অটোচালক রুমন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

No comments