শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আরও বিশেষভাবে আসছে নতুন পর্ব
জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে থাকা এই গুঞ্জনে ইতি টানল সনি আট কর্তৃপক্ষ। ভক্তদের আশ্বস্ত করে তারা জানিয়েছে, শেষ হচ্ছে না সিরিজটি; বরং নতুন পর্ব নিয়ে আবার পর্দায় হাজির হচ্ছেন কৃষ্ণনগরের রসিকরাজ গোপাল।
বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটজুড়ে খবর রটেছিল, আট থেকে আশি—সব বয়সী দর্শকের প্রিয় এই সিরিজটি নাকি শেষ হতে চলেছে। এতে ব্যাপক হতাশ হয়ে পড়েন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এর কোটি ভক্ত। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সিরিজ বন্ধের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে সনি আট জানায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সকাল ১১টা থেকে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন সব পর্ব।
পোস্টারে গোপাল ভাঁড়ের হাস্যোজ্জ্বল মুখের সঙ্গে ভারতের স্বাধীনতা দিবসের আবহ ফুটিয়ে তুলে লেখা হয়—‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভাঁড়-এর নতুন পর্ব আসছে ১৫ আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’
পরবর্তীতে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে আরও বলা হয়, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল… হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’
কৃষ্ণনগরের লোককথার কালজয়ী চরিত্র গোপাল ভাঁড়কে ঘিরে তৈরি টেলিভিশনের এই নতুন অ্যানিমেশন সংস্করণটি প্রথম প্রচারের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছড়ানো গুঞ্জনে যারা বিভ্রান্ত হয়েছিলেন, চ্যানেল কর্তৃপক্ষের এই ঘোষণায় স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁরা।

No comments