শিরোনাম

অন্তঃসত্ত্বা মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন পাষণ্ড বাবা

চ্যানেল টেন ডেস্কঃ

ভারতে বিয়ের আগে মেয়ের গর্ভধারণের খবর জানার পর সামাজিক লজ্জার ভয়ে তাকে হত্যা করার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, চিকিৎসার কথা বলে মেয়েকে উত্তরপ্রদেশের আগ্রায় নিয়ে গিয়ে চম্বল নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগও করেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৫২ বছর বয়সী লাখপত সিং দিল্লির দক্ষিণাঞ্চলের তিগরি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ের গর্ভধারণের বিষয়টি জানার পর তিনি হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ।

তদন্তে জানা যায়, গত ২৯ জুলাই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে লাখপত সিং মেয়েকে উত্তরপ্রদেশের আগ্রার বাসাউনি এলাকার চম্বল নদীর তীরে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয় বলে পুলিশের দাবি। 

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অভিযুক্তরা ছবি ও ভিডিও ধারণও করেন। হত্যার পর দিল্লিতে ফিরে লাখপত সিং মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন, যাতে ঘটনাটি অপহরণ বা নিখোঁজ হিসেবে প্রতীয়মান হয়।

তদন্তের একপর্যায়ে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তিনি এবং তার সঙ্গে থাকা আত্মীয়কে গ্রেপ্তার করা হয়। তদন্তের অংশ হিসেবে তাদের আগ্রার ঘটনাস্থলেও নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এখনো নিহত তরুণীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। চম্বল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

No comments