আকাশে আজ বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে এক বিরল ও মনোরম মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। মহাকাশপ্রেমীদের চোখ থাকবে রাতের আকাশে, যেখানে দেখা মিলবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণের। এ সময় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশই ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) এই চন্দ্রগ্রহণটি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
ভৌগোলিক অবস্থানের কারণে এ মহাজাগতিক দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। এ ছাড়া মহাদেশীয় ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ থেকেও উদয় বা অস্ত যাওয়ার মুহূর্তে এই গ্রহণের কিছু অংশ প্রত্যক্ষ করা যাবে। তবে দিনের আলো থাকায় বাংলাদেশসহ এশিয়ার অঞ্চলগুলো থেকে মূল গ্রহণটি দেখার সুযোগ থাকছে না।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, গ্রহণের সময় চাঁদের বড় অংশ পৃথিবীর মূল ছায়ায় ঢেকে গেলেও সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা প্রতিফলিত হয়। ফলে চাঁদ একেবারে অদৃশ্য হয়ে যাওয়ার বদলে কিছুটা তামাটে বা লালচে বর্ণ ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে রূপক অর্থে ‘ব্লড মুন’ বলা হয়।
পুরো চন্দ্রগ্রহণ প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চললেও মূল আকর্ষণ অর্থাৎ চাঁদের এই লালচে রূপটি স্থায়ী হবে তুলনামূলক অল্প সময়ের জন্য।
সূর্যগ্রহণের মতো এটি দেখতে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব বা বিশেষ চশমা ব্যবহারের প্রয়োজন নেই। মেঘমুক্ত ও পরিষ্কার আকাশ থাকলে খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে বিরল এই দৃশ্য।

No comments