বগুড়ায় ‘ভুঁইফোড়’ সংগঠনের নামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ: যৌথ বিবৃতি
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখা’ নামের একটি সংগঠনের কার্যক্রম নিয়ে তীব্র আপত্তি ও উদ্বেগ জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। সংগঠনটিকে ‘ভুঁইফোড়’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে বগুড়ার মূলধারার সাংবাদিকদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে সংগঠন দুটি।
শনিবার (২৯ আগস্ট) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের বিষয়টি তাদের নজরে এসেছে। ওই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়।
যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, অখ্যাত পত্রিকা, অনুমোদনহীন অনলাইন পোর্টাল ও ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ নামের সংগঠনের কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে। সেখানে দাবি করা হয়, সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টদের একটি অংশ পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া বলেছে, ‘বাংলাদেশ প্রেসক্লাব’ বগুড়া জেলা শাখার তথাকথিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যদের সঙ্গে বগুড়ার মূলধারার সাংবাদিকদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের কোনো ধরনের অপকর্মের দায়ও বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া নেবে না।
যৌথ বিবৃতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, বৈধ কাগজপত্র বা অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যানবাহনের সামনে কিংবা পেছনে ‘PRESS’ লেখা স্টিকার ব্যবহার করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া।
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাংবাদিকতার পেশাকে প্রশ্নবিদ্ধ করছে।

No comments