শিরোনাম

রংপুর মেডিকেলে দালাল নির্মূল ও ১ হাজার শয্যার পূর্ণাঙ্গ রূপরেখার ঘোষণা ত্রাণমন্ত্রীর

আসাদুজ্জামান টিটু,রংপুরঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অচলাবস্থা দূর করে সেবা কার্যক্রম পুরোপুরি আধুনিকায়নের সুনির্দিষ্ট ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ, জনবল ঘাটতি পূরণ এবং ১ হাজার শয্যার পূর্ণাঙ্গ অবকাঠামো বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে নতুন কর্মপরিকল্পনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তৈরি নতুন ছয়তলা আইসোলেশন ভবনের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের চার কোটি মানুষের প্রধান এই সরকারি হাসপাতালে আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। বহির্বিভাগ থেকে শুরু করে ভর্তি রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জরুরি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। একইসাথে দালাল চক্রের উৎপাত পুরোপুরি নির্মূলে নেওয়া হচ্ছে জিরো টলারেন্স নীতি।

তিনি আরও উল্লেখ করেন, কেবল দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। সেবার মান নিশ্চিত করতে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের কর্মস্থলে জবাবদিহিতা বাড়াতে হবে। আগামী ৩০ দিনের মধ্যেই সেবার আমূল পরিবর্তনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করে প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু,সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। এছাড়া পেশাজীবী চিকিৎসক সংগঠন ও স্থানীয় বিশিষ্টজনেরা সেখানে উপস্থিত ছিলেন।

No comments