সৌদি আরব ম্যাচের সঙ্গে তুলনা টানলেন স্কালোনি
চ্যানেল টেন ডেস্কঃ
কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করায় স্বস্তি ও আবেগের কথা জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
স্কালোনি বলেন, ‘এই দল কখনো হাল ছাড়ে না। আমার ১০০তম ম্যাচে হারলে সেটা খুব কষ্টের হতো। তবে এটাই ফুটবল।’
তিনি কেপ ভার্দের প্রশংসা করে বলেন, ‘আমরা কখনো কোনো প্রতিপক্ষকে সহজ মনে করি না। আজ তারা দেখিয়েছে, তারা কতটা শক্তিশালী দল।’
ম্যাচ বিশ্লেষণে আর্জেন্টিনা কোচ বলেন, দলের ইতিবাচক মানসিকতাই জয় এনে দিয়েছে। ‘অনেকে বলছিল আমরা সহজ পথ পাচ্ছি। এখন সবাই বুঝতে পারছে, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা জানতাম কঠিন লড়াই হবে। প্রতিপক্ষ আমাদের ভুগিয়েছে, কিন্তু দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে।’
অতিরিক্ত সময়ে খেলোয়াড়দের ক্লান্তি প্রসঙ্গে তিনি জানান, ৯০ মিনিট পর্যন্ত দল ভালো খেলেছে। তবে অতিরিক্ত সময়ে এনসো ফার্নান্দেজের পায়ে ক্র্যাম্প ধরে এবং বদলি করার মতো আর কোনো খেলোয়াড় ছিল না। তবুও দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।
প্রতিপক্ষের গোল সম্পর্কে স্কালোনি বলেন, ‘ওটা ছিল অসাধারণ একটি গোল। আমরা জানতাম সে ভেতরে ঢুকে ডান পায়ে শট নেয়, কিন্তু এমন শট ঠেকানো খুব কঠিন।’
লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা নিয়েও কথা বলেন আর্জেন্টিনা কোচ। তাঁর ভাষ্য, ‘কোচ হিসেবে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেসি, লাউতারো ও হুলিয়ানকে একসঙ্গে খেলানো সহজ নয়। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে হয়।’
জাতীয় দলের কোচ হিসেবে নিজের ১০০তম ম্যাচকে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় বলে উল্লেখ করেন স্কালোনি। তিনি বলেন, ‘বিশ্বকাপের এই ম্যাচ আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। কারণ দলকে ঘুরে দাঁড়াতে হয়েছে। জিতেছি বলেই স্মৃতিটা আরও বিশেষ হয়ে থাকল।’
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের সঙ্গে কেপ ভার্দে ম্যাচের তুলনা করতে গিয়ে স্কালোনি বলেন, ‘সৌদি আরবের বিপক্ষে আমরা নিষ্প্রভ ছিলাম। আজ সেটা ছিল না। এখন দল অনেক বেশি অভিজ্ঞ। বিশ্বকাপের চাপ কীভাবে সামলাতে হয়, সেটা খেলোয়াড়রা জানে। সবচেয়ে বড় বিষয় হলো, দল আজ দারুণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে।’

No comments