শিরোনাম

বিশ্বকাপ ফুটবল দেখে ফেরার পথে ছিনতাইয়ের কবলে সরকারি আজিজুল হক কলেজের দুই শিক্ষার্থী

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন সরকারি আজিজুল হক কলেজের দুই শিক্ষার্থী। সোমবার (২০ জুলাই) ভোরে শহরের জামিলনগর এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন মালগ্রাম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন লিটন (২৪) ও আব্দুর রহমান (২৫)। তারা জানান, চার থেকে পাঁচজনের একটি দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাদের মারধর শুরু করে।

পরিস্থিতি বেগতিক দেখে দুই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় জামিলনগর যুব সংঘে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আসা দর্শক এবং বিভিন্ন ছাত্রাবাসে ফেরার পথে থাকা শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে 'আপন' নামে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আহত দুই শিক্ষার্থীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আটক কিশোরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলেনি। তাই তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

No comments