যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়ায় পূর্ববিরোধের জেরে রুবেল হোসেন (৩৮) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্প এলাকার গাড়ি ওজনের স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি তেলিধান্যপোড়া এলাকার খাজুরা তেলপাম্পসংলগ্ন গ্রামের বাসিন্দা মুনতাজ ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের ওপর হামলা চালান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

No comments