বগুড়ায় বিএসটিআই অনুমোদনহী খাদ্যপণ্য উৎপাদন কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া, জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোদারপাড়া এলাকায় অবস্থিত বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কারখানার মালিক শ্রী শ্যামল বর্মন (৪০)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মদ। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, বগুড়ার কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ র্যাবের একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।
র্যাব-১২ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে ভবিষ্যতেও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

No comments