শিরোনাম

বগুড়ার গাবতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে আহত, গ্রেপ্তার ১

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনায় অভিযুক্ত কথিত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইলকে (৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত ২৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে শিলদহবাড়ী গ্রামের জনৈক জহুরুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করায় ভিকটিম শফিকুল ইসলামকে অভিযুক্ত ইসমাইল ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলে গত ১০ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে প্রধান আসামি মোঃ ইসমাইলকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইসমাইলের পিতা মোঃ দুখু মিয়া। তিনি গাবতলী উপজেলার শিলদহবাড়ী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা তিনটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

স্থানীয়দের দাবি, এলাকায় মাদক ব্যবসা নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

No comments