বগুড়ায় ৪০০ পিচ ইয়াবাসাহ গ্রেপ্তার ১
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে চট্টগ্রাম থেকে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা টিকিটবিহীন যাত্রী মো. মিন্টু আলী প্রাং (৪৬)-কে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ‘অ্যামিগো’ বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।
গ্রেফতার মিন্টু আলী প্রাং নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার মৃত ইউসুফ আলী প্রাংয়ের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

No comments