শিরোনাম

মৃত্যুদ্বার থেকে ফিরে বিশ্বকাপের মঞ্চে গোল

চ্যানেল টেন ডেস্কঃ

মাত্র কয়েক বছর আগেও তার ফুটবল ক্যারিয়ার তো বটেই, জীবন নিয়েই ছিল শঙ্কা। মাঠে ভয়াবহ মাথার চোটে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন মেক্সিকোর তারকা স্ট্রাইকার রাউল হিমেনেজ।

সেই হিমেনেজই এবার নিজের দেশের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল করে আবেগে ভাসলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের জয়ে মেক্সিকোর দ্বিতীয় গোলটি করেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি। গোলের পর উচ্ছ্বাসে মাতেন হিমেনেজ, এরপর আকাশের দিকে ইশারা করে সম্প্রতি প্রয়াত তার বাবাকে স্মরণ করেন।

৮০ হাজার দর্শকে পরিপূর্ণ অ্যাজটেকা স্টেডিয়ামে গোল করার পর আবেগ সামলাতে পারেননি তিনি। সতীর্থদের অভিনন্দনের মাঝেই চোখে জল দেখা যায় এই মেক্সিকান স্ট্রাইকারের।

এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে ৪৬ গোল পূর্ণ করেন হিমেনেজ। ফলে মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

তার সামনে এখন শুধু হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ, যার গোল ৫২টি।

হিমেনেজের এই মুহূর্তটি আরও বিশেষ কারণ ২০২০ সালের নভেম্বরে আর্সেনালের ডেভিড লুইজের সঙ্গে সংঘর্ষে তার মাথার খুলি ভেঙে গিয়েছিল। মাঠেই অচেতন হয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে অনেকেই তার জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন।

সেই ভয়াবহ দুর্ঘটনার পর ছয় মাস তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

প্রায় আট মাস পর মাঠে ফিরে আবারও গোলের দেখা পান। এরপর ধীরে ধীরে নিজেকে ফিরে পান এবং আবার জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

বিশ্বকাপের মঞ্চে এটি ছিল হিমেনেজের প্রথম একাদশে নামা ম্যাচ। আগের তিন বিশ্বকাপে তিনি মোট ছয়বার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। তাই নিজের প্রথম বিশ্বকাপ শুরুর একাদশে সুযোগ পেয়ে গোল করাটা তার জন্য হয়ে উঠেছে আরও স্মরণীয়।

No comments