গাজীপুরে আত্মগোপনে থাকা অপহরণ মামলার আসামি গ্রেফতার, ১৩ বছরের কিশোরী উদ্ধার
বগুড়ার সোনাতলা থানার একটি অপহরণ মামলার ১৩ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান পলাতক আসামি মোঃ ইমরান হোসেন (১৮)কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৯ জুন) বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এ সফলতা অর্জন করে।
র্যাব সূত্র জানায়, বগুড়া জেলার সোনাতলা থানায় দায়ের করা একটি অপহরণ মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মে সকালে ভিকটিম তার বাড়ির পেছনের সড়কে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার প্রধান পলাতক আসামি মোঃ ইমরান হোসেন গ্রেফতার এড়াতে গাজীপুরের কাশিমপুর এলাকার লতিফপুরে আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের যৌথ আভিযানিক দল লতিফপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments