শিরোনাম

সারাদিন খোঁজাখুঁজি, রাতে পুকুরে ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ

চ্যানেল টেন ডেস্কঃ

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন কেকুপাড়া এলাকার আইজুল ইসলাম নেন্দর ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও সাথীর মা জীবিকার তাগিদে মানুষের জমিতে দৈনিক হাজিরায় কাজ করেন। প্রতিদিনের মতো আজও তিনি কাজে যান। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে প্রায় এক ঘণ্টা পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।

হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। দুই ভাই-বোনের একসঙ্গে মৃত্যুতে প্রতিবেশীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন বলেন, বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments