শিরোনাম

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বগুড়া প্রতিনিধিঃ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচ টার সময় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা আরম্ভ হয়। ফুটবলের প্রতি ভালোবাসা, সম্প্রীতি এবং বিশ্বকাপের উৎসবমুখর আবহ ছড়িয়ে দিতে আয়োজিত এই শোভাযাত্রা শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি, পতাকা এবং ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং রঙিন সাজসজ্জায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

আয়োজকরা জানান, ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসঙ্গে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, বিশ্বকাপের এখনো কিছুটা সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা ও আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবং ফুটবল উৎসবকে ঘিরে সবাইকে একত্রিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বগুড়ার ফুটবলপ্রেমীরা মনে করছেন, বিশ্বকাপ যতই ঘনিয়ে আসবে, ততই শহরে ফুটবলকে কেন্দ্র করে নানা আয়োজন বাড়বে। ইতোমধ্যেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এই মিলনমেলা বিশ্বকাপ উন্মাদনার বার্তা ছড়িয়ে দিয়েছে সর্বত্র।

বিশ্বকাপের অপেক্ষায় এখন ফুটবলপ্রেমী বগুড়া।

No comments