ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হয়নি ৯৫ বছর বয়সী ছামেনা খাতুনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা ছামেনা খাতুনকে ছেলের নতুন নির্মিত ভবনে জায়গা না দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছামেনা খাতুনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩১ সালের ২২ নভেম্বর। তার স্বামী ২০০৮ সালে মারা যান। পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। একমাত্র ছেলে ফয়েজ আহমেদ ২০০৬ সাল থেকে সৌদি আরবে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে পারিবারিক পরিস্থিতির কারণে বৃদ্ধা ছামেনা খাতুনকে ছেলের বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী বোনের বাড়িতে থাকতে বাধ্য করা হয়। এরপর দীর্ঘদিন সেখানেই তিনি বসবাস করেন।
স্থানীয়দের উদ্যোগে চলতি বছরের জানুয়ারিতে বৃদ্ধাকে আবার ছেলের নতুন নির্মিত ভবনে আনা হয় বলে জানা যায়। তবে ছেলে সৌদি আরবে ফিরে যাওয়ার পর তার স্ত্রী রাতের আঁধারে শাশুড়িকে পুনরায় বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। এরপর থেকে তিনি আবারও পাশের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বৃদ্ধা ছামেনা খাতুন বলেন, তাকে দীর্ঘদিন ধরে ছেলের বাড়িতে রাখা হয়নি এবং পরিবার থেকেও নিয়মিত খোঁজখবর নেওয়া হয় না।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। উপজেলা প্রশাসনও ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বৃদ্ধার ভরণপোষণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
স্থানীয়রা বলছেন, বয়স ও অসুস্থতার কারণে এমন অবস্থায় একজন বৃদ্ধা মায়ের দায়িত্ব এড়িয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমাধানের দাবি উঠেছে।

No comments