শিরোনাম

চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় তিন হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২ মে) নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকার শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তার আরিফুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা এনে চট্টগ্রামে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জুবাইরুল আলম মানিক বলেন, একসময় সে আমাদের দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিত। তবে বর্তমানে রাজনীতিতে সে সক্রিয় নয়। দলে তার কোনো আনুষ্ঠানিক পদবি নেই।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments