বগুড়ার গাবতলীতে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিমপাড়া গ্রামে রাকিব (৩২) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিব সোনাতলা উপজেলার দিগদার ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি বর্তমানে গাবতলী উপজেলার মহিষবাথান পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শ্বশুরবাড়ি সংলগ্ন একটি জাম্বুরা গাছে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি গাবতলী মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে আশপাশের এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনা পাওয়ার পর নিহত রাকিবের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গাবতলী মডেল থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা হবে।

No comments