শিরোনাম

মারা গেছেন অস্কারজয়ী চলচ্চিত্র তারকা মার্সিয়া লুকাস

চ্যানেল টেন ডেস্কঃ

অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস আর নেই। তিনি বুধবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো মিরাজে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মার্সিয়ার পারিবারিক আইনজীবী জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

মার্সিয়া লুকাস ছিলেন হলিউডের প্রভাবশালী একজন চলচ্চিত্র সম্পাদক। তার কাজ হলিউড তারকা বানিয়েছিল তাকে। একের পর এক সেরা সিনেমার সম্পাদনা করে পচিরিচিত পেয়েছিলেন তিনি মার্সিয়া লুকাস। জর্জ লুকাস পরিচালিত ‘স্টার ওয়ার্স’ সিনেমার সম্পাদনার জন্য অস্কার জয় করেন। এছাড়া তিনি ১৯৭০-এর দশকের বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন, যা পরবর্তী সময়ের সিনেমা নির্মাণে বড় প্রভাব ফেলে। 

তার কাজের মধ্যে রয়েছে ‘আমেরিকান গ্রাফিটি’ সিনেমার সহ-সম্পাদনা, যার জন্য তিনি অস্কার মনোনয়ন পান। পরে তিনি ‘স্টার ওয়ার্স’ সম্পাদনার জন্য অস্কার জেতেন। পাশাপাশি তিনি ‘রিটার্ন অব দ্য জেডাই’, মার্টিন স্করসেসির ‘অ্যালিস ডাজ নোট লিভ হিয়ার এনিমোর’, ‘ট্যাক্সি ড্রাইভার’ এবং ‘নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক’ চলচ্চিত্রের সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন।

 পরিবারের বিবৃতিতে বলা হয়, মার্সিয়া লুকাস ছিলেন একজন অসাধারণ গল্পকার এবং চলচ্চিত্র জগতের অগ্রদূত। তিনি নারীদের জন্য চলচ্চিত্র সম্পাদনার ক্ষেত্রে নতুন পথ তৈরি করেছেন। পাশাপাশি তিনি ছিলেন একজন স্নেহশীল মা, দাদি এবং বন্ধু, যার উপস্থিতি মানুষের জীবনকে আরও উজ্জ্বল করে তুলত।

তিনি ১৯৬৯ সালে জর্জ লুকাসকে বিয়ে করেন, পরে ১৯৮৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তী জীবনে তিনি টম রদ্রিগেজকে বিয়ে করেন, যা ১৯৯৩ সালে শেষ হয়। মার্সিয়া লুকাসের মৃত্যুতে চলচ্চিত্র জগতে গভীর শোক নেমে এসেছে। তার কাজ এবং অবদান সিনেমা সম্পাদনার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

No comments