হজ উপলক্ষে মক্কাজুড়ে মহাযজ্ঞ
পবিত্র হজ সামনে রেখে মক্কা ও পবিত্র স্থানগুলোতে নজিরবিহীন অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। হাজিদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেতু, সুড়ঙ্গ, সড়ক ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
চলতি ১৪৪৭ হিজরির হজ মৌসুম উপলক্ষে মক্কা ও পবিত্র স্থানগুলোর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ৯২টি প্রধান সংযোগস্থলের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং হাজিদের চলাচল সহজ করতে ৬২টি পথচারী ও যানবাহন চলাচলের টানেল ও আন্ডারপাস প্রস্তুত করা হয়েছে।
হজযাত্রীদের নিরাপত্তা ও পথনির্দেশনা নিশ্চিত করতে সড়কে এক লাখ ১০ হাজার রৈখিক মিটারেরও বেশি দিকনির্দেশক চিহ্ন ও বিশেষ রং প্রয়োগ করা হয়েছে, যাতে ভিড়ের মধ্যেও হাজিরা সহজে গন্তব্যে পৌঁছতে পারেন। আলোকসজ্জা ব্যবস্থায়ও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। পবিত্র স্থান ও সেগুলোর সংযোগ সড়কে তিন লাখ ৩০ হাজারের বেশি লাইটিং ইউনিট সক্রিয় করা হয়েছে।
পাশাপাশি এক লাখ ৫০ হাজার আলোকস্তম্ভ চালু করে রাতের বেলায়ও সর্বোচ্চ দৃশ্যমানতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুরো ব্যবস্থাকে সচল রাখতে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এর আওতায় লাখ লাখ মিটার সড়ক নির্মাণ ও সংস্কার, সড়কের উপরিভাগ উন্নয়ন এবং বহু সেতু ও সুড়ঙ্গের আধুনিকীকরণ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া হজ মৌসুমে পৌরসেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে চার হাজার ৫০০-এর বেশি নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে।
তাঁরা পরিচ্ছন্নতা, দিকনির্দেশনা, জনসচেতনতা, জরুরি সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

No comments