শিরোনাম

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক দুই অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, চাপাতি, কুড়াল, শক মেশিন ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে চক্রেশো আবাসিক এলাকার ৪ নম্বর রোডে জি এম ভবনের সামনে অভিযান চালান। এসময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)। অভিযানে তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও একটি শক মেশিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

অন্যদিকে একই রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার রৌফাবাদে বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি স্টিলের ছুরি, একটি লোহার কাটার ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪) ও আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি, খুন, চুরি, অস্ত্র ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে।

No comments