ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
চ্যানেল টেন ডেস্কঃ
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরেক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম মো. রমজান আলী। তার বয়স দশ মাস। শিশুটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বাসিন্দা মো. সেকেন্দার আলীর ছেলে।
শিশুটিকে হামের উপসর্গ নিয়ে গতকাল বুধবার (৬ মে) রাত নয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত একটার দিকে মারা যায়।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে তিনজন, ফরিদপুর ও মাদারীপুরে দুইজন করে চারজন এবং রাজবাড়ী, যশোর ও মাগুরায় একজন করে মোট তিনজন রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, ১০ মাস বয়সী শিশু রমজান আলী ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলেও ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন রয়েছে। বর্তমান ওই দুই হাসপাতালে মোট ১৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৮২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪৮ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বছরের শুরু থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬৬৯ জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৬৪ জন রোগী চিকিৎসা নিয়েছে।
No comments