শিরোনাম

ঝিনাইদহে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চ্যানেল টেন ডেস্কঃ

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে সাগরিকা আক্তার বুলবুলি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল হোসেনের বিরুদ্ধে।

রোববার (২৪ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরিকাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগরিকা সদর উপজেলার করিমপুর গ্রামের দিনমুজুর ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী শিমুল সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাগরিকার ওপর নির্যাতন চালাত শিমুল। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর তিন দিন আগে স্বামীর আশ্বাসে আবার শ্বশুরবাড়ি ফেরেন তিনি। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিমুল পলাতক রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া শিমুলের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও হামলার একাধিক অভিযোগ রয়েছে।

No comments