বগুড়ায় স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার মূল ঘাতক গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র সামিউল ইসলাম সিয়াম হোসেন হত্যা মামলার মূল ঘাতককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত কিশোর নিয়ামুল (ছদ্মনাম) (১৫) শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার বাসিন্দা। সে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে মামলায় অভিযুক্ত।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সামিউল ইসলাম সিয়াম হোসেন (১৬) শাজাহানপুর উপজেলার নর্থগার্ডেন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সিয়ামকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার শাকপালা গ্রামের ডায়াবেটিক্স পার্কের ৪ নম্বর টিলার দক্ষিণ পাশে নিয়ে মেয়ে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্ত কিশোররা সিয়ামকে ঘিরে ধরে। এ সময় নিয়ামুলের হাতে থাকা ধারালো চাকু দিয়ে সিয়ামের বুকের ডান পাশে আঘাত করা হয়। একই সঙ্গে অপর এক কিশোর সিয়ামের ডান হাতের পেশীতেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় সিয়াম ও তার বন্ধু তুহিনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নিহত সিয়ামের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এফআইআর নম্বর-১৫ ও জিআর নম্বর-১১০ হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৬/৩০২/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পরে পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১০টা ৩০ মিনিটে নিয়ামুলকে আটক করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments