শিরোনাম

দাম বেড়েছে সবজির, কারণ কী?

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীতে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ (শুক্রবার) প্রতিটি সবজির দামই বাজারে কিছুটা বেশি দেখা গেছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে এবং অনেক সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। এসব কারণেই বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গোল বেগুন কেজি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৮০ টাকা এবং পটল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ঢেঁড়স ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, সজিনা ৮০ থেকে ১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এবার প্রায় সব সবজির দাম বেড়েছে, যা তাদের দৈনন্দিন ব্যয়ে চাপ বাড়াচ্ছে।

বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মৌসুম শেষ হওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা আশা করছেন, নতুন মৌসুমের সবজি বাজারে এলে দাম আবার কিছুটা কমে আসতে পারে।

No comments