শিরোনাম

কুঠার দিয়ে মার্কিন সামরিক বিমানে হামলা

চ্যানেল টেন ডেস্কঃ

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে নিরাপত্তা ভেঙে ঢুকে এক ব্যক্তি মার্কিন সামরিক একটি বিমানে হামলা করেছে। এতে ওই বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ব্যবহারের বিষয়টি আবারও আলোচনায় আসে।

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, অনুপ্রবেশকারী ব্যক্তি কাউন্টি ক্লেয়ারের ওই বিমানবন্দরের একটি দূরবর্তী ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস বিমানে উঠে পড়ে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কুঠার, ছোট কুঠার (হ্যাচেট) বা হাতুড়ি দিয়ে বিমানটিতে আঘাত করছিলেন। তবে পুলিশ এখন পর্যন্ত শুধু ‘অপরাধমূলক ক্ষতিসাধনের’ অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গার্দাই (আইরিশ পুলিশ) জানিয়েছে, চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি শনিবার সকালে বিমানবন্দরের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং সকাল ১১টার কিছু আগে তাকে ক্রিমিনাল জাস্টিস অ্যাক্টের ধারা ৪ অনুযায়ী গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বিমানবন্দর পুলিশ, শ্যানন বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ এবং সেখানে অবস্থানরত আইরিশ প্রতিরক্ষা বাহিনী অংশ নেয়।

নিরাপত্তা লঙ্ঘনের কারণে শ্যানন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এতে দুটি বহির্গামী ফ্লাইট বিলম্বিত হয় এবং ফ্রান্সের লুর্দেস থেকে আসা একটি ফ্লাইটকে আকাশে অপেক্ষায় থাকতে হয়। পরে সকাল ১০টা ১৫ মিনিটে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হয়।

এই হামলাটি যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অভিযানের সঙ্গে সম্পর্কিত কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে শ্যানন বিমানবন্দর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জ্বালানি ভরার ও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হওয়ায় এর বিরুদ্ধে প্রতিবাদমূলক অনুপ্রবেশের ঘটনা আগে থেকেও ঘটেছে।

২০০৩ সালের জানুয়ারিতে, যুদ্ধবিরোধী কর্মী মেরি কেলি একটি কুঠার ব্যবহার করে মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেন, যা ইরাক আক্রমণের প্রতিবাদ হিসেবে করা হয়েছিল। এরপরই নিরাপত্তা জোরদার করা হয়। কয়েক দিন পর, ৩ ফেব্রুয়ারি ২০০৩-এ ‘পিটস্টপ প্লাউশেয়ার্স’ নামের একটি দল শ্যানন বিমানবন্দরে ঢুকে মার্কিন নৌবাহিনীর একটি বিমান ক্ষতিগ্রস্ত করে।

সাম্প্রতিক সময়েও এমন ঘটনা ঘটেছে। ২০২৫ সালের নভেম্বর মাসে তিনজন কর্মী একটি ভ্যান নিয়ে সীমাবদ্ধ এলাকায় প্রবেশ করে একটি মার্কিন সামরিক বিমানের কাছে গিয়ে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর রিজার্ভের একটি বোয়িং ৭৩৭-৭০০ বিমানে স্প্রে পেইন্ট করে, যার ফলে আবারও কার্যক্রম বন্ধ করতে হয়। এর কয়েক মাস আগে, তিন নারীকে গ্রেপ্তার করা হয়, যারা নিরাপত্তা বেড়া ভেঙে ঢুকে একটি মার্কিন-সংযুক্ত বিমানের ওপর লাল রং নিক্ষেপ করেছিলেন।

সূত্র: আরটি

No comments