শিরোনাম

বগুড়ায় সৎ মা ও স্বজনদের বিরুদ্ধে স্বর্ণ-নগদ অর্থ ও জমির দলিল চুরির মামলা

স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ায় সৎ মা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও জমির গুরুত্বপূর্ণ দলিল চুরির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর উপজেলার উত্তর গোদারপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪৬) বাদী হয়ে ছয়জনকে আসামি করে গত ২ফেব্রুয়ারি সদর আমলী আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩০৭ সি/ ২০২৬ সদর। 

‎মামলার বিবরণে জানা যায়, বাদীর প্রবাসী ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে উপার্জিত অর্থ দেশে পাঠাতেন। সেই অর্থে তাদের পিতা বিভিন্ন স্থানে জমি ক্রয় করেন এবং বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকায় “প্রবাসী ভিলা” নামে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেন। ভবনটিতে বাদী, তার বাবা, মা ও প্রবাসী ভাই বসবাস করতেন।

‎প্রায় এক বছর আগে বাদীর মা বার্ধক্যজনিত কারণে মারা গেলে, বাবার দেখাশোনার জন্য প্রায় সাত মাস আগে দ্বিতীয় বিয়ে করানো হয়। এরপর থেকে নতুন স্ত্রীসহ সবাই একসঙ্গে বসবাস করছিলেন।

‎মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ৩ নভেম্বর বাদীর পিতা প্রায় ৪.৯৫ একর সম্পত্তি হেবা দলিলের মাধ্যমে বাদী ও তার প্রবাসী ভাইয়ের নামে হস্তান্তর করেন। এর পর থেকেই ১ নম্বর আসামি কোহিনুর আকতার মুনি (৪০) ক্ষুব্ধ হয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি করতে থাকেন।

‎মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা বাড়ির দ্বিতীয় তলায় বাদীর শয়নকক্ষে থাকা ট্রাংকের তালা ভেঙে প্রায় ১ ভরি স্বর্ণের গলার চেইন, ১ ভরি স্বর্ণের বালা, ৮ আনা স্বর্ণের কানের দুল, নগদ ৭ লাখ ৩০ হাজার টাকা এবং বিভিন্ন মৌজার ২২টি জমির দলিল চুরি করে নিয়ে যান। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎বাদীর দাবি, ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে। পরবর্তীতে পারিবারিকভাবে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

‎এ ঘটনায় আদালতের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।

No comments