শিরোনাম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

চ্যানেল টেন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।

২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ডানহাতি পেসার বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন। টেস্ট ও ওয়ানডে-দুই ফরম্যাটেই রয়েছে একটি করে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব।

বিদায়ী বার্তায় রুবেল বলেন, “জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।”

তিনি পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার সমর্থন কামনা করেন।

রুবেলের ক্যারিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-এ। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখেন তিনি। ওই ম্যাচে তার শিকার ছিলেন ইয়ান বেল, ইয়ন মরগ্যান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। শেষ ব্যাটার হিসেবে অ্যান্ডারসনকে বোল্ড করে দেওয়ার পর তার দৌড় বাংলাদেশের ক্রিকেটে একটি স্মরণীয় দৃশ্য হয়ে আছে।

৩৬ বছর বয়সী এই পেসার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২১ সালে। আর শেষ স্বীকৃত ম্যাচ খেলেছেন গত বছরের জানুয়ারিতে, বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে।

তথ্যসূত্র: সময় নিউজ

No comments