শিরোনাম

বগুড়ায় রকি হত্যা মামলার প্রধান আসামি হারুন গ্রেফতার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

​বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ হারুনকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব-১২। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হারুন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম (নতুনপাড়া) এলাকার মৃত খয়ের প্রামানিকের ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, রকি হত্যাকাণ্ডের পর থেকেই আসামি হারুন গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প জানতে পারে, হারুন শিবগঞ্জ থানাধীন কিচক এলাকায় তার ভাতিজি জামাই মোহাম্মদ আরিফ হোসেনের বাড়িতে লুকিয়ে আছেন।

​র‍্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ২:৩০ মিনিটে ওই বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আত্মগোপনে থাকা হারুনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

​র‍্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়, রকি হত্যাকাণ্ডটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। মামলার পরপরই আসামিদের ধরতে তৎপরতা শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় প্রধান আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

​"অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

​গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

No comments