উপনির্বাচনে অনিয়মের অভিযোগ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, ভয়ভীতি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এমতাবস্থায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না।
বগুড়া শহরের দলীয় কার্যালয়ে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে আবিদুর রহমান বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বী পক্ষের নেতা-কর্মীরা নির্বাচনি পরিবেশ অশান্ত করে তুলছেন।” তার অভিযোগ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, “নির্বাচনি সভা পণ্ড করার চেষ্টা, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীকসংবলিত ব্যানার টানানোর মতো ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে একাধিক লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
আবিদুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভোটের দিন কেন্দ্র দখল ও কারচুপির চেষ্টা হতে পারে।”
এ পরিস্থিতিতে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, দলীয় প্রভাবমুক্ত প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনের আগে থেকে সেনাবাহিনী মোতায়েন।
তিনি আরও বলেন, “ভোটারদের মধ্যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর প্রতিকার পাইনি।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “ভোটের দিন কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।”
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতাসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুর রহিম রিফাত
চ্যানেল টেন বগুড়া ।
No comments