শিরোনাম

মহিলা দল নেত্রীর হয়ে SSC পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে কলেজ ছাত্রী আটক

চ্যানেল টেন ডেস্কঃ

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, তিনি শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ওই প্রার্থী বিএনপি নেত্রী হিসেবে পরিচিত।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় জিজ্ঞাসাবাদে ঈশিতা জানান, নিপা খাতুন তার প্রতিবেশী খালা হন। সেই সম্পর্কের সূত্র ধরে তিনি তার হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে তার চেহারার মিল না থাকায় কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

ওসি ইব্রাহীম আলী জানান, ঈশিতা বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments