শিরোনাম

নতুন কোচ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

চ্যানেল টেন ডেস্কঃ

লাল বলের ক্রিকেটের জন্য নতুন কোচ বেছে নিয়েছে পাকিস্তান। এখন থেকে টেস্টের জন্য দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

সরফরাজকে টেস্টের কোচ করা হতে পারে এমন গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরে। ২০২৫ সালের অক্টোবর থেকে ফাঁকা পড়ে আছে টেস্ট কোচের পদ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ। তার স্থলাভিষিক্ত হলেন ৩৮ বছর বয়সী সরফরাজ। 

দায়িত্ব পেয়ে টেস্ট কোচ হিসেবে তার প্রথম এসাইনমেন্ট হবে বাংলাদেশে। আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে।

প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুরে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে এশিয়া কাপ জেতানোর কীর্তি আছে পাকিস্তানের সাবেক এই অধিনায়কের।

প্রসঙ্গত, পাকিস্তান সর্বশেষ আইসিসি ট্রফি জিতেছিল এই সরফরাজের অধীনেই। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরফরাজের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে দেশটি।

বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা। এছাড়া ব্যাটিং কোচ আসাদ শফিক, বোলিং কোচ উমর গুল ও ফিল্ডিং কোচ আব্দুল সাদ।

No comments