ডেমরায় কালি তৈরির কারখানায় আগুনে ফায়ার সার্ভিস কর্মী ও কর্মচারী দগ্ধ
চ্যানেল টেন ডেস্কঃ
রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক ফায়ার সার্ভিস কর্মী ও কারখানার এক কর্মচারী দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন—কারখানার কর্মচারী মো. সুজন ও ফায়ার সার্ভিস কর্মী মো. নাঈম হোসেন। তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার কর্মচারী মো. সোহেল বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ‘ইমো রোটো ফ্লেক্সি প্যাক’ নামের কালি তৈরির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার সময় দুজন দগ্ধ হন ।
তিনি বলেন, দগ্ধ সুজনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। তিনি কারখানায় সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে নাঈম হোসেন ফায়ার সার্ভিসের বঙ্গবাজার ইউনিটের একজন সদস্য।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সুজনের শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মী নাঈম হোসেনের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
No comments