শিরোনাম

বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত!

চ্যানেল টেন ডেস্কঃ

ফরিদপুর জেলার বোয়ালমারীর চতুল গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের পেছনের রেলগেট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭২ বছর বয়সী ডা. গোলাম কবির তার ৫২ বছর বয়সী ছোট ভাই মিন্টুকে পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে আনেন। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি মিন্টুকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ডা. গোলাম কবির একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা। তিনি ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত ডা. গোলাম কবিরকে আটক করে এবং কিছুটা মারধর করেন। পরে তাকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

পুলিশ জানায়, ডা. গোলাম কবিরকে তাদের হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধই এই ঘটনায় প্রধান কারণ। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।

No comments