শিরোনাম

ধর্ষণের শিকার শিক্ষার্থীর আত্মহত্যা

চ্যানেল টেন ডেস্কঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের শিকার এক সপ্তম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনুই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর একা পেয়ে একই গ্রামের দুই সন্তানের জনক রুবেল মিয়া ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার দিলে তার মুখ চেপে ধরা হয়। পরে সে বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারকে জানায় এবং গভীর মানসিক আঘাতে ভেঙে পড়ে।

মেয়েটি তার দাদিকে ঘটনার বিস্তারিত জানিয়ে বলে—‘এ জীবন আর রাখতে চাই না।

পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা ও বিচারের আশ্বাস দিলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই শিক্ষার্থী। একপর্যায়ে রবিবার (২৯ মার্চ) রাতে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফুলপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরিবারের অভিযোগ, প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, অভিযুক্ত রুবেল মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

No comments