শিরোনাম

হরমুজ প্রণালী দিয়ে ডলারে নয় ‘চীনা ইউয়ানে’ করতে হবে জ্বালানি বাণিজ্য

চ্যানেল টেন ডেস্কঃ

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়ার একটি চমকপ্রদ প্রস্তাব বিবেচনা করছে। তবে এর একটি শর্ত রয়েছে: তেলের কার্গোর মূল্য মার্কিন ডলারে নয়, বরং কেবল চীনা ইউয়ানে পরিশোধ করতে হবে। যদিও জ্বালানি বাজারে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের করিডোর, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের ২০% সরবরাহ হয়। জ্বালানি বাণিজ্যে এই বিঘ্ন বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তেলের দাম প্রতি ব্যারেল ১৩০ মার্কিন ডলারে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ছিল, কিন্তু এখন তারা শর্ত সাপেক্ষে বিশ্ব বাণিজ্যের জন্য এটি খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আর সেই শর্তটি হলো—বাণিজ্যের মুদ্রা পরিবর্তন।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি মাস্টার স্ট্রোক। যদি এই প্রস্তাবটি কার্যকর হয়, তবে এটি ৫২ বছরের ইতিহাসে ‘পেট্রোডলার’ ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটি মার্কিন সামরিক শক্তির ওপর আঘাত হানার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই আর্থিক কাঠামোর মূলে আঘাত করবে যা মার্কিন বৈশ্বিক ক্ষমতার ভিত্তি।

যদিও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং মার্কিন নীতি-নির্ধারকরা ইরানকে নতজানু করতে সামরিক শক্তি প্রয়োগে ব্যস্ত, তবুও ভূ-রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার একটি মাত্র মন্তব্য বর্তমান সংঘাতের ফলাফল নির্ধারণে আগের যেকোনো সামরিক অভিযানের চেয়ে বেশি প্রভাবশালী ও তাৎপর্যপূর্ণ বলে প্রমাণিত হতে পারে। মার্কিন বৈশ্বিক আধিপত্যের গোপন হাতিয়ার হলো পেট্রোডলার ব্যবস্থা—১৯৭৪ সালের পরবর্তী এমন এক আর্থিক বন্দোবস্ত, যেখানে বিশ্ববাজারে তেলের মূল্য নির্ধারণ ও কেনাবেচা মার্কিন ডলারে হয়। এটি ডলারে রিজার্ভ রাখার জন্য বিশ্বব্যাপী এক কাঠামোগত চাহিদা তৈরি করেছে। ইরান এই আর্থিক কাঠামোর বিরুদ্ধে কৌশলী অবস্থান নিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে চীনা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে। এই ইউয়ান-ভিত্তিক বাণিজ্যের প্রস্তাব ডলারে লেনদেনের চাহিদা কমিয়ে মার্কিন আধিপত্যের প্রধান স্তম্ভকে দুর্বল করে দিতে পারে।

বর্তমান জ্বালানি বাণিজ্য বিঘ্নিত হওয়া আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌ-চলাচল বিপর্যয়। ইরান ‘যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের’ জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখলেও, কূটনৈতিক চাপের চমৎকার ব্যবস্থাপনার অংশ হিসেবে রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান এবং ভারতের মতো নির্বাচিত কিছু দেশের জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে।

বিশ্বব্যাপী ‘ডি-ডলারাইজেশন’ বা ডলারের প্রভাব কমানোর এই আর্থিক যুদ্ধে গ্লোবাল সাউথ এবং ব্রিকস দেশগুলো উপযুক্ত বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। সম্প্রতি চীনে পাঠানো ইরানের তেলের সিংহভাগই ইউয়ানে অথবা চীনা আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম (সিআইপিএস)-এর মাধ্যমে কেনা হয়েছে। আইআরজিসি-এর নিরাপত্তায় ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহর বিপুল পরিমাণ তেল গোপনে চীনে পৌঁছে দিয়েছে। বিপরীত দিকে, বিশ্বের অন্যান্য দেশের জ্বালানি বাণিজ্য যুদ্ধের উচ্চ ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।

বিশ্ব তেলের দাম বৃদ্ধি এবং উদ্বেগের সাক্ষী হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে প্রণালীটি খুলে দেওয়ার মতো এক অস্বস্তিকর সিদ্ধান্তের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। এটি স্বীকৃত যে, ইরানকে মোকাবিলা করার এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার মতো সক্ষমতা মার্কিন সেনাবাহিনীর রয়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে যে এই সামরিক অভিযানের ফলাফল ইরানের কঠোর প্রতিশোধের কারণে কয়েক দিন, সপ্তাহ বা মাসের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। জ্বালানি বাণিজ্য পুনরায় চালু করতে যে কোনো বিলম্ব আমদানিকারক দেশগুলোকে চীনা ইউয়ানে বাণিজ্যের মতো বিকল্পগুলো মূল্যায়ন করতে বাধ্য করবে।

শুক্রবার, যুক্তরাষ্ট্র ইরানের খড়গ দ্বীপে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের তেল রপ্তানির একটি কেন্দ্র। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান জাহাজ চলাচল বন্ধ রাখলে তিনি জ্বালানি অবকাঠামোতেও হামলা চালাবেন। সামরিক শক্তি প্রয়োগ করে জোরপূর্বক প্রণালী খুলে দেওয়ার এই সম্ভাবনা ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং ইরানের পক্ষ থেকে তেলের কার্গোর ওপর বিচ্ছিন্ন হামলার পথ প্রশস্ত করবে। ইরান যে শর্তে এবং চীনা মুদ্রায় নির্বাচিত কিছু দেশের জন্য প্রণালী খুলে দেওয়ার কথা বলছে, তা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ বা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সহজে মেনে নেওয়ার কথা নয়। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের দাবির বিরোধিতা করছে এবং উভয় পক্ষই দাবি করছে যে, সংকট সমাধানের চাবিকাঠি তাদের হাতেই রয়েছে।

আপাতদৃষ্টিতে, জ্বালানি বাণিজ্যের একটি বিভক্ত বাজার তৈরি হওয়ার সম্ভাবনা স্পষ্ট; যেখানে চীন ও ব্রিকস দেশগুলোর জন্য লেনদেন হবে চীনা বা রুশ মুদ্রায়, আর পশ্চিমা দেশগুলোর জন্য মার্কিন ডলারে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন পেট্রোডলার ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে ডলারের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি ডি-ডলারাইজেশন বিষয়ক তাত্ত্বিক আলোচনাকে বাস্তব ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে রূপান্তর করেছে। যদিও বাস্তবসম্মতভাবে চীনা ইউয়ান খুব দ্রুত বা পুরোপুরি ডলারে জায়গা নিতে পারবে না। সিআইপিএস উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হলেও ডলারের রিজার্ভ মুদ্রার অবস্থান গভীর পুঁজিবাজার, তারল্য এবং প্রাতিষ্ঠানিক জড়তার ওপর নির্ভরশীল, যা কেবল একটি সংকটের মাধ্যমে ভেঙে পড়া কঠিন।

ভূ-রাজনীতি, ভূ-অর্থনীতি এবং কৌশলগত ক্ষেত্রে ইরান নিজেকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ বা তার চেয়েও শক্তিশালী হিসেবে প্রমাণ করছে। পরবর্তী ২-৩ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সংঘাতের পরবর্তী গতিপথ এবং দুই পক্ষ থেকে আসা নতুন আঘাতের ধরন নির্ধারণ করবে।

No comments