শিরোনাম

ইরানে আগ্রাসন চালিয়ে ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: ইতালি

চ্যানেল টেন ডেস্কঃ

ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের সমালোচনা করেছেন তিনি। তিনি এটিকে আন্তর্জাতিক আইনের বাইরে পরিচালিত একটি “বিপজ্জনক প্রবণতা” বলে উল্লেখ করেছেন।

বুধবার ইতালির সিনেটে দেওয়া ভাষণে মেলোনি বলেন, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের স্পষ্ট সংকট এবং একটি যৌথ বৈশ্বিক ব্যবস্থার ভেঙে পড়ার প্রেক্ষাপটে ঘটছে।

তিনি বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থার এই কাঠামোগত সংকটের প্রেক্ষাপটেই আমাদের ইরানি শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপকে দেখতে হবে।”

মেলোনি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলারও নিন্দা জানান, যেখানে অন্তত ১৭০ জন নিহত হয়েছে—যাদের বেশিরভাগই শিশু। তিনি এটিকে “ছোট মেয়েদের হত্যাযজ্ঞ” বলে উল্লেখ করেন এবং ঘটনার তদন্তের আহ্বান জানান।

এই হামলার জন্য তিনি সরাসরি কাউকে দায়ী না করলেও, একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যে স্কুলটি একটি মার্কিন টমাহক মিসাইল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তবে ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেছেন, হামলাটি ইরানই করেছে।

মেলোনির এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইতালির জনগণের মধ্যে ইরান যুদ্ধ বেশ অজনপ্রিয় এবং তারা আশঙ্কা করছে যে দেশটি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এদিকে মেলোনি নিজেও বিচারিক সংস্কার নিয়ে একটি গুরুত্বপূর্ণ গণভোটের মুখোমুখি হতে যাচ্ছেন।

খবরে আরও বলা হয়েছে, হামলার আগে ইউরোপে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র দেশকে সতর্ক করা হয়েছিল, তাদের মধ্যে ইতালি ছিল না। এ নিয়ে ইতালির বিরোধীদলীয় নেতা মেটিও রেনজি মেলোনিকে ব্যঙ্গ করে বলেন, তাকে “ট্রাম্প ও ইউরোপের মধ্যে সেতু” বলা আসলে “ভুয়া খবর।”

মেলোনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেকে উপস্থিত একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন। পরে ২০২৫ সালের এপ্রিলে হোয়াইট হাউসে সাক্ষাতের পর ট্রাম্প তাকে “অসাধারণ নেতা” বলে প্রশংসা করেছিলেন।

ট্রাম্পের ইরান নীতির কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতবিরোধ আরও বেড়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদরো সানসেজ এই হামলাকে “বেপরোয়া ও অবৈধ” বলে কঠোর সমালোচনা করেছেন, যার জবাবে ট্রাম্প মাদ্রিদের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করার হুমকি দেন।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো তুলনামূলকভাবে কম কঠোর ভাষায় বললেও উল্লেখ করেছেন যে হামলাগুলো “আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে” পরিচালিত হয়েছে।

সূত্র: আরটি

No comments