পদ্মায় বাসডুবির ঘটনায় বিএনপি মহাসচিবের শোক
ফেরিতে ওঠার সময় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত অধিকাংশ যাত্রীর কোনো সন্ধান না মেলায় প্রাণহানির আশঙ্কা আরও বেড়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আগে থেকেই যথাযথ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হতো।
তিনি দ্রুততম সময়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।
এর আগে, বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। জানা গেছে, একটি ফেরি এসে পন্টুনে সজোরে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
স্থানীয়রা জানায়, বাসটিতে ৪০ থেকে ৪৫ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাসে থাকা অন্য যাত্রীদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

No comments