শিরোনাম

ফোনে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক

চ্যানেল টেন ডেস্কঃ

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোনে কেঁদে ফেলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন তিনি। তাদের কথোপকথনের একটি ভিডিও পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন মনিরুল হক। ভিডিওতে দেখা যায়, পুরো সময়জুড়েই আবেগাপ্লুত ছিলেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে এমপি বলেন, 'গত ১০০ বছর ধরে এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।' তিনি আরও অভিযোগ করেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ের ব্যারিকেড নির্মাণে বরাদ্দ অর্থ অতীতে অপচয় হয়েছে।

এ সময় রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মনিরুল হক বলেন, 'এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি। আপনি একটু গিয়ে দেখেন, আমি দেশে ফিরে দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করব।'

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে

No comments