শিরোনাম

বিকল্প আয় তৈরিতে ঘোড়াঘাটে গবাদি পশু বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী



দিনাজপুর প্রতিনিদিঃ

বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

কর্মসূচির আওতায় ১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের জন্য বিকল্প আয়ের পথ তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি তার নির্বাচনী এলাকায় মাদক, জুয়া, অবৈধ বালু উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে আইনের শাসন নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে গবাদি পশু বিতরণকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

No comments