শিরোনাম

শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানে জামাই আদরে ছিলেন: ইকবাল হাসান টুকু

চ্যানেল টেন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে অধিকার আদায়ের জন্য, প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য। ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করেননি বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা বাপের সম্পত্তি মনে করলেও আমরা তা মানি না, মানবো না। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দেশকে স্বাধীন করেছিল। ২৫ মার্চ কালরাতে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানে গিয়ে জামাই আদরে বসেছিলেন। শেখ মুজিব যুদ্ধ করেন নি। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। শেখ মুজিববিহীন মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ ছিল দিশেহারা। নেতৃত্বহীন মানুষকে নেতৃত্ব দেবার জন্য সেদিন চট্টগ্রামের কালুরঘাটে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন। সেদিনের সেই মেজর ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান জেড ফোর্স নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করলেন শেখ হাসিনা। তখন মুক্তিযোদ্ধাগণ সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদটুকুও করেননি।

রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা বলেন, মা, মাটি, দেশ ও মানচিত্র রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। কী পাবো তার জন্য আমরা মুক্তিযুদ্ধে যাই নাই। কিন্তু দীর্ঘ ১৭ বছরে মুক্তিযুদ্ধের চিত্র ছিল বিপরীত। মুক্তিযুদ্ধকে ক্ষমতায় থাকার এবং লুটেপুটে খাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামসদের কুকর্ম আপনারা ভুলে গেছেন? ধর্মভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য এদেশ স্বাধীন করা হয় নাই। অথচ স্বাধীনতা বিরোধীরা এখন দেশে আল্লাহর আইন কায়েমে ব্যস্ত। আমরা যদি বসে থাকি তাহলে তারা আগামীতে দেশ শাসন করবে। অথচ প্রগতিশীল রাষ্ট্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল।

মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার আমলেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছিল।

No comments