শিরোনাম

বগুড়া সদরে নিজ এলাকা থেকে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু



 বগুড়া প্রতিনিধিঃ

প্রতীক বরাদ্দের পরের দিনে নিজ এলাকার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-৬( সদর) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল। সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে শহরের সেউজগাড়ি আমতলা মোড় থেকে সদরের উপনির্বাচনের প্রচারণা কর্মসূচি শুরু হয়। 

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান বলেন, এই আসনে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি তার পিতৃভূমি এলাকা থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু তিনি এই আসন ছেড়ে দিয়েছেন। যিনি প্রার্থী হয়েছেন তার সম্পর্কে আমরা কিছু বলবো না। আমরা ইতিবাচক কথাই বলব। 

জামায়াত প্রার্থী বলেন, আমার বাড়ি ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। আমি নিজ এলাকা থেকে প্রচারণা শুরু করছি। ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামী ৯ এপ্রিল সকাল সকাল ভোটকেন্দ্রে আসবেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ের বিচারকে প্রতিষ্ঠিত করবেন।

নির্বাচন কমিশন উদ্দেশ্য করে জামায়েত প্রার্থী আবিদুর রহমান বলেন, বিগত দিনে বগুড়ায় নির্বাচনী দায়িত্বে যারা ছিলেন তাদের আমরা  পক্ষপাতিত্ব করতে দেখেছি। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যারা ছিলেন তাদের এ নির্বাচনে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে কমিশনকে সতর্ক হতে হবে।  শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেছে বেছে ভালো ন্যায় নীতিবান কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে আনতে হবে। 

এ সময় তিনি আরো বলেন সম্প্রতি বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে একজন ওসিকে বদলি করানোর চেষ্টা চলছে এরকম পরিস্থিতি থাকলে আমরা আরেকটি মাগুরার নির্বাচন দেখব।

উপনির্বাচনের প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক,  যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেনসহ  একাধিক নেতাকর্মীরা।

আগামী ৯ এপ্রিল এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।

No comments